
বাগেরহাট প্রতিনিধি, হারুন শেখ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও খুলনা বিভাগের অধীনস্থ আদালতসমূহের মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মাহমুদুল হক বাগেরহাট জেলা বিচার বিভাগের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় বিচারপতি বিচার বিভাগের চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
সভায় যোগদানের আগে বিচারপতি মাহমুদুল হক বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ১,০০০ বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন। এ ন্যায়কুঞ্জে বিশ্রাম, টিফিন গ্রহণ, কম্পিউটার কম্পোজ ও ফটোকপি সুবিধা, মাতৃদুগ্ধ প্রদান কেন্দ্র এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনকালে তিনি বলেন, “এই ন্যায়কুঞ্জ বাগেরহাটের বিচারপ্রার্থীদের জন্য বাস্তবিক সহায়তা হিসেবে কাজ করবে।” তিনি এর সুফল সাধারণ জনগণের কাছে তুলে ধরার এবং যথাযথ ব্যবহারের আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম। তিনি জানান, গত আট মাসে জেলার মামলার নিষ্পত্তি হার দায়ের হারকে ছাড়িয়ে গেছে। লিগ্যাল এইড ও এডিআর সেবাও বাড়ছে। তবে আটজন বিচারকের জন্য পৃথক এজলাস ও খাসকামরার অভাবে মামলা নিষ্পত্তির গতি ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামোগত উন্নয়ন হলে মামলা নিষ্পত্তির হার আরও বাড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার ও জাকির হোসেন খান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক, জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম, জেলার অন্যান্য বিচারক, আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজার রহমান লাহু, পিপি অ্যাড. মাহমুদ মোরশেদ লালন, জিপি অ্যাড. মহাসিন আলী, এপিপি অ্যাড. শেখ সাজ্জাদ হোসেনসহ বিচারপ্রার্থী সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান।