
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
“মানবতার পাশে একসাথে” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ইউনিট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাড. সাজ্জাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক যুব প্রধান সাকির হোসেন, ইউনিট অফিসার মোহাম্মদ হান্নান, যুব প্রধান নাইমুর রহমান, আল আমিন সরদার, মোনালিসা রূপা, শরিফুল ইসলাম জুয়েল, সাদিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, মানবিক বিপর্যয় কিংবা রক্ত সংকট—প্রতিটি জরুরি মুহূর্তে রেড ক্রিসেন্ট সদস্যরা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়। এটি শুধু একটি সেবামূলক প্রতিষ্ঠান নয়, মানবতার প্রতীক।”
আলোচনা সভায় যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমে বিশেষ অবদান রাখায় খান জাহান আলী ডিগ্রি কলেজ এবং বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ—এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।