
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলায় এক আইনজীবীর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে পরিচিতদের কাছ থেকে অর্থ দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনাটি ঘটে গত ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে। ভুক্তভোগী এডভোকেট মো. জান্নাতুল বাকি (৪০), পিতা মো. আ. জলিল, মাতা আনোয়ারা বেগম, নিউ মার্কেট এলাকায় অবস্থানকালে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১৭৬৬৯৩৪৩–এর হোয়াটসঅ্যাপ আইডি অজ্ঞাত হ্যাকার হ্যাক করে ফেলে। পরে হ্যাকার তাঁর নাম ব্যবহার করে পরিচিতদের কাছে ৫০ হাজার টাকা করে দাবি জানায়।
অভিযোগে বলা হয়, টাকা আদায়ের জন্য প্রতারক একটি পূবালী ব্যাংক পিএলসি, খুলনা শাখার সেভিংস অ্যাকাউন্ট (অ্যাকাউন্টধারী: মো. আবুল কাশেম, নং: 0098101203070) এবং একটি বিকাশ নম্বর (০১৮৪৯১৭৫৭০২) সরবরাহ করে। ভুক্তভোগী অনুসন্ধান চালিয়েও হ্যাকারকে শনাক্ত করতে ব্যর্থ হন। পরে তিনি বিষয়টি বাগেরহাট সদর থানায় জানান এবং ৩ সেপ্টেম্বর জিডি (নং–১৪৯) করেন।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা, অচেনা লিংক এড়িয়ে চলা এবং সন্দেহজনক মেসেজে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
পুলিশ জনগণকে সতর্ক করে জানিয়েছে, কোনো অপরিচিত নম্বর বা অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই করতে হবে এবং প্রতারণার শিকার হলে দ্রুত থানায় যোগাযোগ করতে হবে।