
হারুন শেখ, বাগেরহাট
বাগেরহাটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক হয়রানি ও দালালচক্রের তৎপরতার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার (৭ মে) দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, বিআরটিএ অফিসে সাধারণ সেবা নিতে গিয়ে গ্রাহকরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন এবং একটি সক্রিয় দালালচক্র অবাধে কাজ করছে—এমন অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দালালদের তৎপরতা সরাসরি ধরা পড়ে। তবে দুদকের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পাশাপাশি বিআরটিএ অফিসের একাধিক কর্মকর্তার মোবাইল বিকাশ নম্বরে অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ১৫ দিনের ব্যবধানে প্রায় ৩০ হাজার টাকা এবং মাত্র একদিনেই ১০ হাজার টাকার লেনদেনের তথ্য উদঘাটন করা হয়েছে, যা দালালদের মাধ্যমে সেবা আদায়ে ঘুষ হিসেবে আদান-প্রদান হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
দুদকের সহকারী পরিচালক আরও জানান, এসব তথ্য ও প্রমাণ সংগ্রহ করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।