
হারুন শেখ বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষানী রেনু বেগমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকার বেশি। এ ঘটনায় মোরেলগঞ্জ থানা পুলিশ মোশারেফ শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, চিংড়াখালী ইউনিয়নের কাচিকাটা গ্রামের রেনু বেগম রবিবার দিবাগত রাতে ঘুমানোর সময় হঠাৎ আগুনের শব্দ শুনে দরজা খুলে দেখেন বসতঘরটি আগুনে জ¦লছে এবং একজন লোক দৌড়ে যাচ্ছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত রেনু বেগম জানান, এ আগুনের কারণে পরিবার গুরুতর ক্ষতিগ্রস্থ। বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী ছেলে দারিদ্র্যসীমার মধ্যে থাকলেও দুপুরের খাবার ও ঘরে থাকা চালও পুড়ে গেছে। এছাড়া এসএসসি পড়ুয়া মেয়ের বইখাতা ও শিক্ষাসামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্রশাসনের কাছে ন্যায্য বিচার ও দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।
প্রতিবেশি মোশারেফ শেখের সাথে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই আগুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত মোশারেফ শেখকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে অভিযুক্তের পরিবার অভিযোগ অস্বীকার করেছে।