
মোঃ মাসুম সরদার, নড়াগাতী সংবাদ
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সাম্য ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এই দলটি চাঁদাবাজ ও দখলবাজদের কোন স্থান দেয় না। তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানবসেবায় ভূমিকা রাখতে হবে এবং আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল দল ও মত নির্বিশেষে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে। তিনি দাবি করেন, বিগত সরকার জনগণের মৌলিক অধিকার খর্ব করেছিল, যার কারণে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
আজ ১০ মার্চ বিকালে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ক্লাব মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান।
এছাড়া, অন্যান্য নেতারা ছিলেন রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা, জেলা শ্রমিক দলের আহবায়ক উজ্জল সাহা, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা তুহিন এবং অনেক নেতাকর্মী।
আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে পার করা হবে না, তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “আমি আপনাদের এই অঞ্চলের সন্তান, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। আগামীতে যদি আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করে, তবে আমি এই এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করব। রূপসায় একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করবো।”
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ধৃত করে বলেন, “রূপসায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজি সহ্য করা হবে না।”