
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার, পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদ সহ ৪ জনের বিরুদ্ধে টেন্ডার বানিজ্য, ভর্তি বানিজ্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক) । অভিযানে ২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে,রবিবার ১২ জানুয়ারি সকালে জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান তদারকিতে ছিলেন জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা ও পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে ভর্তি বানিজ্য, টেন্ডার বানিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। এ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে দুদকের কাছে। প্রকাশিত সংবাদ ও নানা অভিযোগের ভিত্তিতে জেলা দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশনে উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা ও তুহিন মাহমুদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে টেন্ডার বানিজ্য, ভর্তি বানিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ আমাদের একটি টিম সরেজমিনে অভিযান পরিচালনা করছে। আমরা সকল রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। পরে কমিশনের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা রুজু করা হবে।