
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
গ্রামীণ ক্রীড়ায় নতুন প্রাণ ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রাখছে বি এম বাকির হোসেন স্মৃতি সংস্থা ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি অধ্যাপক বি এম নাগিব হোসেন-এর ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় সম্প্রতি যোগানিয়ার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এবং কচুয়াডাঙ্গার ফ্রেন্ডশিপ ম্যাচ উপলক্ষে অংশগ্রহণকারী দুটি দলকে সম্পূর্ণ বিনামূল্যে জার্সি, ফুটবল এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য পুরস্কার সামগ্রী প্রদান করা হয়েছে।
সব উপহার সামগ্রী আয়োজকদের হাতে তুলে দেন ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু। তিনি বলেন: “ অধ্যাপক বি এম নাগিব হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমি আজ এখানে উপস্থিত হয়েছি। উনার একটাই লক্ষ্য—গ্রামের যুবসমাজকে মাঠমুখী করা, যাতে তারা মাদক ও অবক্ষয় থেকে দূরে থাকে। এজন্যই আজ এই দুই টিমকে আমরা সম্পূর্ণ সামগ্রী দিয়েছি। ভবিষ্যতে বাকি দলগুলোকেও ধাপে ধাপে সহযোগিতা করব।”
তিনি আরও বলেন: “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখায়। আজকের গ্রামের খেলোয়াড়রাই যদি সঠিক দিকনির্দেশনা পায়, তারাই একদিন জাতীয় পর্যায়ে খেলবে—এই স্বপ্ন নিয়েই ফাউন্ডেশন কাজ করছে।”
যোগানিয়ার আয়োজক জাহিদুল ইসলাম ও কচুয়াডাঙ্গার আয়োজক তুহিন খান জানান, এ ধরনের উদ্যোগ শুধু খেলার জন্য নয়, বরং একটা প্রজন্ম গঠনের অনুপ্রেরণা হিসেবেই কাজ করছে। “যেখানে কেউ পাশে দাঁড়ায় না, সেখানে এই ফাউন্ডেশনের সহায়তা আমাদের বড় ভরসা দিয়েছে।”
অনুষ্ঠানে অনেক খেলোয়াড় আবেগাপ্লুত হয়ে পড়েন। মাঠে উপস্থিত অনেকে বলেন, বহু বছর পর এমন আয়োজন ও উপহার দেখে ফুটবলে আগ্রহ ফিরে এসেছে।
বি এম বাকির হোসেন স্মৃতি সংস্থা ফাউন্ডেশন জানিয়েছে, এ কার্যক্রম এককালীন নয় — বরং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার দল ও আয়োজকদের হাতে ক্রীড়াসামগ্রী, পুরস্কার এবং মাঠ উন্নয়ন সহায়তা পৌঁছে দেওয়া হবে।