
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি :
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার দাবিতে নরসিংদীর বেলাবতে পৃথক সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় “বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ”-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন, এডভোকেট আব্দুল হামিদ, ডা. মোজাম্মেল হক নাহিদ, মোহাম্মদ সোহরাফ হোসেন, আতীক খোকন, সাংবাদিক আশিকুর রহমান সৌকত, শাহিনুর আক্তারসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায্য রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা সময়ের দাবি। দীর্ঘদিন উপেক্ষিত থাকার কারণে স্থানীয়রা রাজনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।
আয়োজক পরিষদ জানায়, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেবে বলে তারা আশা করছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।