
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন গঠনের দাবিতে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, পোস্টার সাঁটানো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ।
লক্ষিপুর, দুলালকান্দী, ভাটেরচর, মরিচাকান্দি, রহিমেরকান্দি, খামারেরচর, কুকুরমারা, হোসেননগর, আমতলী, দড়িকান্দি, জঙ্গুয়া, পুটিমারা, বটিবন্দ, নোয়াকান্দি, পাতিলাধুয়া, জালালাবাদ, গোবিন্দপুর ও কাঙ্গালিয়া গ্রামের পাশাপাশি ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও আলোচনা সভা হয়। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ দাবির প্রতি সমর্থন জানান।
কর্মসূচির নেতৃত্ব দেন পরিষদের প্রতিষ্ঠাতা মো. ইসলাম উদ্দিন সত্যবাদী। সকাল থেকে রাত অবধি চলা গণসংযোগে অংশ নেন আলহাজ্ব মো. আলি সরকার, মহসিন সরকার, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, আবুল কালাম জাকারিয়া, ইফতেখার হোসেন, মনির হোসেন সৈকত, গোলাম মাহবুদ রকিব, দিরাজ, মনির হোসেন, হুমায়ূন কবির প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় বক্তারা এ দাবির যৌক্তিকতা তুলে ধরেন।
পথসভায় বক্তারা বলেন, বেলাব উপজেলার জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো বিবেচনায় এ উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসনের জন্য উপযুক্ত। সরকারের কাছে তারা দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন আসন গঠিত হলে বেলাব অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
পরিষদের নেতারা জানান, দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন এবং এ জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।