
শাহিনুর আক্তার বেলাবো প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এ সময় ট্রাকের চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় গত বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমান উল্লাহ-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ এনায়েত করিম ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট বসান। সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১২-০৭৭৬) থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে বিপুল পরিমাণ জিরার বস্তা।
গ্রেফতারকৃত ট্রাকের চালকের নাম মোঃ মোস্তাক আহমেদ (৩২)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার কান্দিয়া গ্রামের মোঃ আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, ট্রাকে মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে হিসাব করলে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী জিরার মূল্য প্রায় ২৫ লক্ষ ৭৪ হাজার টাকা। এছাড়া ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে, যা মূল পণ্য আড়াল করার জন্য রাখা হয়েছিল।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমান উল্লাহ বলেন, “চোরাকারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ট্রাকের মাঝখানে জিরার বস্তা রেখে উপরে ও নিচে ধান ও কুড়া দিয়ে ঢেকে রেখেছিল। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
NGS/MMH