
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলায় এক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন। বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইলমা জাহান মমকে এই সহায়তা প্রদান করা হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ইউএনও মো. আব্দুল করিম শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান এবং শিক্ষার্থী ইলমা জাহান মমের দাদা।
ইলমা জাহান মম উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী গ্রামের বাসিন্দা এবং বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ব্যক্তিগত দুর্যোগ ও পারিবারিক অস্বচ্ছলতার কারণে বর্তমানে দাদার আশ্রয়ে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্রে জানা যায়, মমের মা মারা যাওয়ার পর তার বাবা আজিজুল হক মুরাদ তার কোনো খোঁজখবর রাখছেন না এবং লেখাপড়ার খরচ বহন করছেন না। এতে করে মেয়েটির পড়াশোনায় অনিশ্চয়তা দেখা দেয়। পরবর্তীতে মমের দাদা উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন করলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষা সহায়তা চেক প্রদানের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম বলেন, “শিক্ষা মৌলিক অধিকার। কোনো শিক্ষার্থী যেন শুধুমাত্র আর্থিক অভাবের কারণে পড়ালেখা থেকে পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সদা প্রস্তুত। ইলমা জাহান মমের ঘটনাটি জানার পর সমাজসেবা অফিসের সঙ্গে সমন্বয় করে এই সহায়তা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং বেলাবোর কোনো শিক্ষার্থী যেনো শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।”
উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি আশার আলো হয়ে উঠেছে বলে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।