
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাত ১১টা ২৫ মিনিটে বেলাব থানার এসআই মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নিলক্ষীয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নিলক্ষীয়া গ্রামের নুরজাহান বেগম (৫৫)কে তার বসতবাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়।
তল্লাশিকালে তার হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৩০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
অভিযানের সময় নুরজাহানের স্বামী সাদেক মিয়া (৫৫) পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার ফেলে যাওয়া ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত নুরজাহান বেগম এবং পলাতক সাদেক মিয়ার বিরুদ্ধে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
NGS/MMH