
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:
গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইচ। হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নরসিংদীর বেলাবো উপজেলার আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে আড়িয়াল খাঁ নদের দুই পাড়ে নামে মানুষের ঢল। নানা বয়সী হাজারো দর্শক নদীর তীরে ভিড় জমিয়ে উপভোগ করেন নৌকা বাইচ।
বিকেল থেকেই দর্শনার্থীদের ব্যাপক সমাগমে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। প্রতিযোগিতা শুরু হলে ঢাক-ঢোল, করতালি আর বৈঠার ছন্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো নদী এলাকায়। একের পর এক নৌকা দ্রুতগতিতে ছুটে চলার দৃশ্য দর্শকদের মধ্যে তৈরি করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী ফয়সাল আহম্মেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি কামরুল শহীদ। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা মাসুদুজ্জামান সরকার এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার মোঃ তানভীর আহমাদ বিপ্লব।
দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড় পরিণত হয় উৎসবের মিলনমেলায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমাদের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে এবং লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করা প্রয়োজন।