
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহর নেতৃত্বে এবং ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাজনাব সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ জাকির হোসেন ও আরমান হোসেন নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আটককৃতদের দেখতে উজ্জল মিয়া নামে এক ব্যক্তি উপস্থিত হলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত কার্বন পেপার উদ্ধার করা হয়। একপর্যায়ে নিজের অপরাধ স্বীকার করলে তাকেও আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. জাকির হোসেন (৩৬), পিতা: মো. সিরাজুল ইসলাম, গ্রাম: বাজনাব—৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড; আরমান হোসেন (২২), পিতা: আব্দুল কাদির, গ্রাম: বেলাবো টেকপাড়া—১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. উজ্জল (৩৫), পিতা: মো. আলী আকবর, গ্রাম: বেলাবো মাটিয়ালপাড়া—৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন মাত্র একদিন আগেই অন্য একটি মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেছিলেন। পরদিন সন্ধ্যায় জাকির হোসেন তাকে বেলাবো বাজার থেকে ফুসলিয়ে বাজনাব এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।
বেলাবো থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
NGS/MMH