
শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মাদকসংক্রান্ত অভিযোগে ৭ জন এবং জুয়ার আসর থেকে ১২ জনকে আটক করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে বেলাবো থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাটুলী ইউনিয়নের আকরাম, আলমগীর, আনোয়ার, শরীফ, আরিফ, লিয়াকত, জুয়েল, হোসেন, আলমাস, রহমত আলী, শ্যামল ও আল মামুন।
অভিযানে নেতৃত্ব দেন বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ। এ সময় পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তদের কাছ থেকে দেড় কেজি গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা কার্যকরের জন্য তাদের জেলহাজতে পাঠানো হয়। অভিযানে বেলাবো থানা পুলিশের একটি দল এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।
বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
NGS/MMH