
শাহিনুর আক্তার, নরসিংদী:
নরসিংদীর বেলাব পাইলট মডার্ণ মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এসএসসি ২০২৫ সালে A+ প্রাপ্ত ৩৫ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সামাজিক সংগঠন ‘চলো গড়ি বেলাব গ্রুপ’-এর সদস্যরা। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন, যাতে স্কুল কেন্দ্রিক কাজগুলো নির্বিঘ্নে এগিয়ে নেওয়া যায়। সকলকে পাশে থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী নাসীর উদ্দিন ভুইয়া। স্কুলের শিক্ষক মণ্ডলীর অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই সংবর্ধনা অনুষ্ঠানটি ২০১৭ সালে শুরু হয়ে বর্তমানে নয়টি ব্যাচের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এ বছরের অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মধ্যে ডা. রনি (২০০৪ ব্যাচ), আতিক খোকন, মোঃ তানভীর, সজিব, নাহিদ, জেকি, সম্রাট, শাকিল, কাউছার মাহমুদ, কাউছার আহমেদ, ফাহিম, সামদানী, অন্তু ও রহমতউল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া প্রাক্তন ছাত্র ২০০৮ ব্যাচ ও সিটিব্যাংকের সহকারী ম্যানেজার মোঃ রেজা-ই-রাব্বি তুষারও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।