
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
নিউইয়র্ক সিটির পাঁচ বরোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী বরো ব্রুকলীন—যা যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে এক অনন্য শক্তি। এখান থেকেই উঠে এসেছেন সিনেটের মাইনোরিটি লিডার চাক শুমার, হাউজের মাইনোরিটি লিডার হাকিম জেফরি, স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস, সাবেক মেয়র বিল ডি ব্লাজিও, পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, কংগ্রেস সদস্য নিকোল মেলিওটাকিস, ব্র্যাড ল্যান্ডার, নিডিয়া ভেলাজকুয়েজ, ড্যান গোল্ডম্যান এবং ইভেট ক্লার্কের মতো রাজনীতিকরা।
এই সব প্রভাবশালী নেতার কাতারে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ। তিনি “ব্রুকলীন পাওয়ার ১০০” তালিকায় ২১ নম্বরে স্থান পেয়েছেন, যা অভিবাসী সমাজ ও দক্ষিণ এশীয় বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের বিষয়।
শাহানা হানিফের জন্ম ও বেড়ে ওঠা ব্রুকলীনেই। পড়াশোনাও করেছেন স্থানীয় ব্রুকলীন কলেজে। ২০২১ সালে প্রথমবারের মতো তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত হন। বর্তমানে তিনি সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে তিনি পুনরায় কাউন্সিল সদস্য হিসেবে দলীয় মনোনয়ন লাভ করেছেন।
শাহানা হানিফের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিচয়কে আরও দৃঢ় করেছে। তাঁর পিতা মোহাম্মদ হানিফ নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে পরিচিত।
ব্রুকলীন পাওয়ার ১০০-তে শাহানা হানিফের অন্তর্ভুক্তি প্রমাণ করে, প্রবাসে বাংলাদেশিরা কেবল পরিশ্রমেই নয়, নেতৃত্বেও এগিয়ে যাচ্ছেন।