1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী নদীবন্দর বড়দিয়া বাজারে আকস্মিক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে দুর্যোগকালীন সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে নদীভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বড়দিয়া বাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন চা-দোকানি ও নার্সারি ব্যবসায়ীর মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়। পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশে ব্লকবাঁধানো এলাকায় আকস্মিক নদীভাঙন দেখা দেয়। এতে প্রায় ৪০ হাত অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনে ৮ থেকে ১০টি চায়ের দোকান, পাঁচটি নার্সারি ও কয়েকটি গুদামঘর নদীতে বিলীন হয়ে যায়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। বাজারের গুরুত্বপূর্ণ অংশে এভাবে ভাঙন দেখা দেওয়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, “বড়দিয়া বাজারের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ১৬ জন ব্যবসায়ীকে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জিওব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এ কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জিওব্যাগের পাশাপাশি দীর্ঘমেয়াদে ভাঙন ঠেকাতে  প্রয়োজনীয় প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। আমরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

নদীভাঙন প্রতিরোধে দ্রুত উদ্যোগ নেওয়া এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, বড়দিয়া বাজারের অবশিষ্ট অংশ ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ক্ষয়ক্ষতি কমানো যায়, সে জন্য স্থায়ী ভাঙন প্রতিরোধব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park