
শেখ ফসিয়ার রহমান কালিয়া নড়াইল
ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় কালিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় হরিবাসর চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কালিয়া উপজেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে উপজেলার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কালিয়া উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনালয়ে হামলার হুমকি কখনোই গ্রহণযোগ্য নয়। যারা ধর্মীয় উসকানি দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই।”
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতা অলোক কুমার সাহা। তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের হুমকি সনাতন সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, সব ধর্মাবলম্বীর উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। “মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিয়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় হরিবাসর চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কালিয়া উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, অলোক কুমার সাহা, রাজিব কুমার সাহা, পুলোক কুমার সাহা, বিশ্বনাথ স্বর্ণকার, তপন কুমার দত্তসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েকশ’ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।