
নিজস্ব প্রতিবেদক
খুলনার খালিশপুরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা পরিচয় দিয়ে এক বাড়িতে অনধিকার প্রবেশ, হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৮ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে নগরীর খালিশপুর থানা এলাকার বাস্তুহারা কলোনীর ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরও কয়েকজন যুবকসহ বাপ্পি নামের এক বাসিন্দার বাড়িতে প্রবেশ করেন। তারা বাপ্পিকে ‘পতিত সরকারের দোসর’ বলে আখ্যা দিয়ে তাকে অপমান করেন এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেন। ওই সময় তারা দাবি করেন, বাপ্পি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এবং এর প্রমাণ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়ে অভিযুক্তদের আটকে ফেলেন এবং পরে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ সময় স্থানীয়রা আরও জানান, রায়হান রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিলেন এবং বিভিন্ন সময়ে স্থানীয় লোকজনের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেন।
এ বিষয়ে খালিশপুর থানার এসআই সোবহান বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বিস্তারিত জেনে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখযোগ্য বিষয় হলো, রায়হান যেই সংগঠনের নাম ব্যবহার করেছেন, সেই ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর প্রকৃত নেতারা জানিয়েছেন— এমন কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। এতে স্পষ্ট হয়, সংগঠনের নাম ভাঙিয়ে বিভ্রান্তি ও প্রভাব বিস্তারের অপচেষ্টা ছিল অভিযুক্তদের মূল উদ্দেশ্য।