
খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেলে চন্দনবাড়ীতে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চন্দনবাড়ি ইউনিয়ন শাখা এ সমাবেশের আয়োজন করে।
চন্দনবাড়ি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ও ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌসী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাজী উসমান মেম্বার, উপজেলা মহিলা দলের সভানেত্রী মাসুদা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা হিমু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক রেজাউল করীম। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।