
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মহেশপুর থানার সামন্তা চারাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ মো. মুজাহিদ (২৫), পিতা- মতিয়ার রহমান, গ্রাম- চারাতলা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
NGS/MMH