
২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) মাউশি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বয়সসংক্রান্ত কয়েকটি সংশোধন আনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স ৬ বছর হওয়ার কথা থাকলেও ২০২৬ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় বয়সসীমায় সামান্য পরিবর্তন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স ৭ বছর। অর্থাৎ, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্মতারিখ ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮–এর মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তির আবেদন ফরমের সঙ্গে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে।
মাউশির মতে, বয়স নির্ধারণে নতুন এই নিয়ম বাস্তবায়ন ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।