
ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (রবিবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ, শিল্পাঞ্চলে শ্রমিক-মালিক সমঝোতা স্থাপন এবং সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন এবং আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা সম্পর্কেও মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। সাক্ষাৎশেষে সেনাবাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।
মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবে।