
শেখ ফসিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে রাখতে আওয়ামী লীগ সরকার জনগণকে ভোট দিতে দেয়নি। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী শাসন চালিয়ে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে শেখ হাসিনাকে বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করছে। রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চায় বিএনপি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনীতি, শিক্ষা, গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি চালু করেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
এর আগে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু।
এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্ম সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেনসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭০৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (৪৫৬ ভোট), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (৪২৯ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু (২৯৭ ভোট) নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান তাদের বিজয়ী ঘোষণা করেন এবং বিজয় মিছিল না করার নির্দেশ দেন।