
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে মিথ্যা তথ্য ব্যবহার করে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত মহানগরীর লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত মেসার্স শিকদার ফিলিং স্টেশন অ্যান্ড সিএনজি পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেসার্স গালিব অয়েলের স্বত্বাধিকারী মোঃ আব্দুল জব্বার (পিতা: মৃত আবুল কালা মিয়া), সাং-৯/২ শের-ই বাংলা রোড, ময়লাপোতা, খুলনা—জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন বিদ্যালয়ের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রদান করে পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। খুলনা মেট্রো শাখা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব শাত-ঈল ইভান। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার পর অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট মুচলেকা প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
NGS/MMH