
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনার অংশ হিসেবে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় বড় ধরনের চোরাচালান প্রতিরোধ করেছে। গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে বিশেষ টহল অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১,৫০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট এবং ২২ জন চোরাকারবারীকে আটক করে নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশি সিমেন্ট মিয়ানমারে পাচার করছিল। সংবাদ পাওয়ার পর সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী।
টহলরত নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজ কাছাকাছি আসলে বোটদুটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামের বোট দুটি আটক করে।
তল্লাশিতে বোট দুটিতে ১,৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট পাওয়া যায়। একই সঙ্গে পাচারকারী দলের ২২ জন সদস্যকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান, মানবপাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।
NGS/MMH