
রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
কলকাতার মেছুয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল শহর। ২ মে, শুক্রবার বিকেল ৫টায় উত্তর কলকাতার বিজেপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জোড়াসাঁকো থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ— সময়মতো দমকল না পৌঁছনো, বেআইনি পার্কিং ও ব্যবসার ছাড়পত্র, প্রশাসনের গাফিলতি, অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু ও মহানাগরিক ফিরহাদ হাকিমের ব্যর্থতা, ঘটনাস্থলে দেরিতে পৌঁছনো, শাসক দলের নেতাদের নিস্ক্রিয়তা, এবং মেছুয়া এলাকার বেআইনি ব্যবসায় প্রশাসনের মদত।
তাঁরা দাবি তোলেন— ফিরহাদ হাকিম ও সুজিত বসুর পদত্যাগ, দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, এবং পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত।
বিক্ষোভে নেতৃত্ব দেন বর্ষীয়ান নেতা তাপস রায়, রাজ্য নেতা তমাগ্ন ঘোষ, চিকিৎসক ও মুখপাত্র ইন্দ্রনীল খান, যুব মোর্চার সজল ঘোষ, সংগঠক প্রীতম, মহিলা মোর্চার নেত্রী পূর্ণিমা সহ একাধিক কর্মী-সমর্থক।
পুলিশ ব্যারিকেডে আটকে দেওয়ার পরও, বিজেপি কর্মীরা ব্যারিকেডের সামনেই বিক্ষোভ চালিয়ে যান এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান। পরে প্রতিনিধি দল থানায় প্রবেশ করে অভিযোগপত্র জমা দেয়।
বিক্ষোভকারীরা জানান, “আমরা এই মৃত্যুর রাজনীতি বরদাস্ত করবো না। যতদিন না দোষীদের বিচার হয়, আন্দোলন চলবে।”