
পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট মোড়ে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল অবৈধ ঘোষণা করে। সেই রায় অনুযায়ী শুক্রবার (৪ এপ্রিল) থেকে রাজ্যের প্রায় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন।
এর প্রতিবাদে শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে মেদিনীপুরের কালেক্টরেট মোড়ে জড়ো হন চাকরিচ্যুত শিক্ষকরা। অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তারা যোগ্যতা অর্জন করেও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারিয়েছেন। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন তারা।
এদিন, জেলা প্রশাসকের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শেষে প্রতীকী পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভের সময় অনেককে গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।
বিক্ষোভকারীদের একাংশ জানান —
“চাকরি চলে যাওয়ায় আমরা দিশেহারা। সংসার কীভাবে চলবে বুঝতে পারছি না। পরিবার নিয়ে পথে নামা ছাড়া উপায় নেই। আগামীকাল থেকে পরিবার-পরিজন নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামব।”
বিক্ষোভের কারণে কালেক্টরেট মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবী পূরণ না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।