
রাজশাহী শহরে স্কুল ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় তার বাবা আকরাম হোসেন (৫২)-কে হত্যা মামলার দুই প্রধান আসামী নান্টু (২৮) ও খোকন মিয়া (২৮)-কে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আটক করেছে র্যাব। শনিবার, ১৯ এপ্রিল, রাত ৮:১৫ মিনিটে নওগাঁ জেলার রামরায়পুর এলাকায় একটি চৌকস অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আসামি নান্টু ও খোকন মিয়া-কে আটক করার পর র্যাব জানায়, নান্টু রাজশাহী জেলার তালাইমারী শহিদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে, এবং খোকন মিয়া একই এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন, ১৬ এপ্রিল ২০২৫, বিকেল সাড়ে ৪টার দিকে আকরাম হোসেনের মেয়ে প্রাইভেট পড়া শেষে তালাইমারী শহিদ মিনার এলাকা থেকে বাসায় ফিরছিলেন। পথে, আসামিরা তাকে উত্তক্ত করে, যা পরবর্তীতে আকরাম হোসেনকে জানানো হয়। এ ঘটনায় আকরাম হোসেন তার মেয়ের অপমানের প্রতিকার হিসেবে নান্টুর বাবাকে জানিয়ে দেন, যার ফলে নান্টু ক্ষিপ্ত হয়ে ১০ এপ্রিল রাতে আকরাম হোসেনকে পথরোধ করে পিটিয়ে আহত করেন এবং পরে মাথায় ইট দিয়ে আঘাত করেন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায়, নিহতের ছেলে বাদী হয়ে রাজশাহী বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন এবং মামলার পর র্যাব-৫-এর অভিযানিক দল, লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ এর নেতৃত্বে আসামীদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বর্তমানে তাদের রাজশাহী মহানগরী বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।