
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: আলী আজীম
মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কবরস্থান রোড সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন সাংবাদিকদের জানিয়েছেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথভাবে মোংলা থানাধীন পুরাতন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকপাচার রোধের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং মাদকদ্রব্য চক্রকে কঠোরভাবে প্রতিহত করবে।”