
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
জুলাই মাসের ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ১নং জেটি এলাকা থেকে এই গণমিছিল শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবু হানিফ মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ।
বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ছাত্র-জনতার বিপ্লবের মুখে শেখ হাসিনার সরকার হটিয়ে জনগণ স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল। তারা বলেন, “গণঅভ্যুত্থান প্রমাণ করে, অন্যায়-অবিচার ও দমন-পীড়নের মাধ্যমে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না।”
সমাবেশে আরও বক্তব্য দেন—উপজেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. কোহিনুর সরদার, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমির হযরত মাওলানা মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহির উদ্দিন বাবর এবং পৌর যুব জামায়াতের সভাপতি মোস্তাইন মোল্লা। গণমিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে মোংলার রাজনৈতিক অঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।