
হারুন শেখ, বাগেরহাট:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় বাদাবন সংঘের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে মোংলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাখালি ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি মো. নাজির উদ্দিন শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নারীনেত্রী গীতা প্রামান্য, লিকু রায়, মানছুরা বেগম, পুষ্প রায়, মনীষা মজুমদার, বাদাবন সংঘের হোসনে আরা, মেহেদী হাসান ও কামরুন নাহার প্রমুখ।
বক্তারা নারী অধিকার ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার নিন্দা জানান। সেই সঙ্গে এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে নানা স্লোগান দেন। সভা শেষে নারী অধিকারবিষয়ক একটি নাটিকা মঞ্চস্থ হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।