
বাগেরহাট প্রতিনিধি
উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে মানবিক সেবা ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার জয়মনি এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
রবিবার (৩ আগস্ট ২০২৫) সকাল ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়মনিরঘোল দারুসসুন্নাত স্বতন্ত্র এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার ও পেন্সিল কাটার তুলে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দুর্যোগ মোকাবিলা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ তারই অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।