
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ঘটনায় বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারসংলগ্ন জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৩ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের কচুয়া বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। অনুষ্ঠানে কাজী খায়রুজ্জামান শিপন নবাগত সদস্যদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।
এসময় কাজী শিপন বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, তাদের ওপর হামলা চালিয়ে বিরোধী কণ্ঠ দমন করেছে। কিন্তু আজ সনাতন ধর্মাবলম্বীরা দলে দলে বিএনপিতে যোগ দিয়ে প্রমাণ করেছেন, বিএনপি সবসময় হিন্দুদের পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হতে হবে। জনগণের ঐক্যই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান পর্ব শেষে উপস্থিত জনতা “গণতন্ত্র উদ্ধার করো, ধানের শীষে ভোট দাও”—এই স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন।