
শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা
আজ ‘বাংলা চ্যানেল’ ছয় বছরে পা দিল। ইতোমধ্যে নিউ ইয়র্ক ভিত্তিক আমাদের এই টেলিভিশন চ্যানেলটি পাঁচ বছর অতিক্রম করেছে। এই পাঁচ বছর ধরে আপনারা সবাই বাংলা চ্যানেলের সঙ্গে থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন- আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করছি আগামীতেও এভাবেই আমাদের সঙ্গে থেকে উৎসাহ দেবেন।
গণমাধ্যম মানেই সামাজিক দায়িত্বশীলতা। বাংলা চ্যানেলের পথচলার শুরু থেকেই আমরা দায়িত্বশীলতার এই জায়গাটি ভুলি নি। আমরা কখনও ভুলে যাই নি- গণমানুষের অবিরাম সম্পৃক্ততাতেই গণমাধ্যমের সার্থকতা। গণমানুষ সম্পৃক্ত থাকলেই আসে গণমাধ্যমের সাফল্য। গণমাধ্যমকে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেকারণে গণমাধ্যম হলো রাষ্ট্রের আয়না। সমাজে কিংবা রাষ্ট্রে যা ঘটে চলেছে তারই ছবি গণমানুষের সামনে তুলে ধরাই গণমাধ্যমের কাজ।
সুন্দর যদি আরোপিত হয়, সংস্কৃতি যদি অপসংস্কৃতি হয়, অর্থনীতি যদি অনর্থমূলক হয় এবং রাজনীতি নীতিহীন হয় উপস্থাপনে- তাহলে সে পর্দায় তাকিয়ে আপনি থাকবেন কেন! এই ভাবনা থেকেই আমরা বাংলা চ্যানেলের কার্যক্রম শুরু করেছিলাম। আমাদের ওই লক্ষ্যটি পায়ে পায়ে আজ পাঁচ পেরিয়ে ছয় বছরে পা রাখল। শুরুর দিন থেকেই ‘বাংলা চ্যানেল’ ভীষণ অনাড়ম্বরে সেই দায়বদ্ধতা থেকে স্বল্প আলোতে সত্যটা নিয়ে, সুন্দরের হাত ধরে, বাংলার সংস্কৃতি পাথেয় করে এসে দাঁড়িয়েছে দর্শকের বসার ঘরের দরজায়। সঙ্গে আছে প্রাণবন্ত এক কর্মীবাহিনী, যারা আপনার তথ্য অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন।
দেখুন। যাচাই করুন। এবং তারপর সিদ্ধান্ত নিন। ‘বাংলা চ্যানেল’-এর নতুন দিগন্তে আপনি স্বাগত। থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে।
শুভেচ্ছান্তে——
শেখ মাহাবুব আলম, বাংলাদেশ খুলনা প্রতিনিধ ও
শাহ্ জে. চৌধুরী, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও,
বাংলা চ্যানেলে, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র