
খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর সদর থানাধীন চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বাধীন একটি দল, যাদের সহায়তা করে র্যাব-৬।
গ্রেফতারকৃত কাজী ইয়াসির আরাফাত হোয়াইটের পিতা কাজী খেলাফত হোসেন। তাদের বাড়ি খুলনা মহানগরের খালিশপুর এলাকার এনএল-২১, রোড নং-২৪১, হাউজিং এস্টেট এলাকায়।
হোয়াইটের বিরুদ্ধে খালিশপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। উল্লেখযোগ্য মামলাগুলো হলো:
মামলা নং-০৮/১০৫, তারিখ- ০৬ মে, ২০২২
মামলা নং-১৬/৬৫, তারিখ- ২৭ মার্চ, ২০২২
মামলা নং-৮, তারিখ- ০৬ মে, ২০১৩
মামলা নং-১০, তারিখ- ১৮ এপ্রিল, ২০১৩
মামলা নং-১৩, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১১
মামলা নং-৪, তারিখ- ২১ আগস্ট, ২০২৪
মামলা নং-৫, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪
মামলা নং-২, তারিখ- ১৪ আগস্ট, ২০২৪
সূত্র জানায়, কাজী ইয়াসির আরাফাত হোয়াইট ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের সহযোগিতায় তিনি আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দেন।
গ্রেফতারের পর খুলনা মহানগর ডিবি পুলিশ জানায়, হোয়াইটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।