
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার ১নং গৌরম্ভা ইউনিয়নের কৈগদ্দাকাঠি গ্রামে ভূমিদস্যু ও দাঙ্গাবাজদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে প্রায় ১৫০-২০০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিরাজুল ইসলাম রাঙ্গা, মিজান শেখ ও আমিনুল শেখ ওরফে ‘মার্শাল’ নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। তারা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল, মিথ্যা মামলায় হয়রানি এবং সামাজিক অস্থিরতা তৈরি করছেন বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী এক বাসিন্দা বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে। এখনই প্রশাসন ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
অন্য এক বাসিন্দা বলেন, “এই চক্র অতীতে ছাত্র আন্দোলন দমন ও নিরীহ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মতো অভিযানে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, যা তাদের অপরাধমূলক চরিত্র স্পষ্ট করে।”
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, তিন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করা হোক।