
হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি তপন গোলদার (৫৭) এবং তার ভাইপো সৈকত গোলদার (৩২) গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার রাতে রামপাল থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলার বেলাই গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তপন গোলদার ওই গ্রামের মৃত যতীন্দ্র নাথ গোলদারের ছেলে এবং সৈকত গোলদার স্বপন গোলদারের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ‘জুলাই বিপ্লবী’দের ওপর হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত এই দুইজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।