
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, মৎস্যঘের দখল ও সরকারী রেকর্ডীয় খাল দখলের বিষয়ে আলোচনা হয়। প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর সভায় জানান, রামপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল হলেও মাদক ও অবৈধ দখলদারিত্ব একটি উদ্বেগজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি এসব বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ এবং রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, মাদক ও দখলদারিত্ব প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ তাহিদুল ইসলাম এবং হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।