
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানে মোট ৪৭০ জন কৃষকের মাঝে ১২ প্রকার শীতকালীন শাক-সবজির বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
কৃষিবিদ অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা এবং সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ। বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি, আত্মনির্ভরতা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা কৃষি দপ্তর কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সহায়তা অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।