
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মোট ৪৭০ জন কৃষকের মাঝে ১২ প্রকার শাক-সবজির বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। কৃষিবিদ অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা ও সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি প্রণোদনার এই উদ্যোগ রবি মৌসুমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিস ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।