
হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি
সারাদেশের মতো বাগেরহাটের রামপাল উপজেলাতেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ টিকাদান কার্যক্রম চলবে টানা ১৮ দিন।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় রামপাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা পারভীন, মঞ্জুশ্রী মল্লিক, ইপিআই কর্মকর্তা কমলেশ কান্ত দাস, সাংবাদিক মোতাহার মল্লিক, এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসী বলেন, “এ টিকা গ্রহণের জন্য শিশুদের শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। রামপাল উপজেলার সব স্কুল ও টিকাদান কেন্দ্রে মোট ৩৯ হাজার ৩৭ জন শিশু ও কিশোরকে টাইফয়েডের টিকার আওতায় আনা হবে।”
তিনি জানান, এই কর্মসূচি চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। উপজেলার প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করছে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান—সন্তানের সুরক্ষার স্বার্থে সবাই যেন টিকাদান নিশ্চিত করেন।