
হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ভাগা রেলস্টেশন চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বারকলিপি দিয়েছেন।
রবিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ স্বারকলিপি প্রদান করেন।
এলাকাবাসীরা জানান, বহুদিন ধরে ভাগা রেলস্টেশনে ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই। এতে স্থানীয় যাত্রীদের রেলযোগে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন যাত্রীদের দূরের মোংলা বা চুলকাটি স্টেশন ব্যবহার করতে হয়, যা সময় ও খরচ উভয়ই বাড়ায়।
তাদের দাবি, ভাগা রেলস্টেশন পুনরায় চালু হলে রামপাল, ফয়লা ও আশপাশের এলাকার হাজারো মানুষ সহজে রেলসেবা পাবেন। এতে একদিকে জনভোগান্তি কমবে, অন্যদিকে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। স্বারকলিপিতে দ্রুত ভাগা রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালুর জন্য রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।