
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, জাতীয় কমিটির সদস্য শেখ মজিবর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, আয়েশা সিদ্দিকা মানি, এডভোকেট শফিকুল আলম মনা, সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
কাউন্সিলে উপজেলার ১০ ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর ভোট দেন। সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল ও মো. আল আমিন হাওলাদার। নির্বাচন পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম গোরা।