
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালু এবং টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবিতে খুলনার খালিশপুরে এক বিক্ষুব্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিমিটেড-এর শ্রমিক ও কর্মচারীদের অংশগ্রহণে বুধবার (২৩ এপ্রিল) সকালে মিল গেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি।
বক্তব্যে গর্জে ওঠেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, “এই ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের ঐতিহ্যবাহী পাটশিল্প আজ ধ্বংসপ্রাপ্ত। শত শত কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টেন্ডারের নামে লুটেপুটে খাওয়ার আয়োজন চলছে। শ্রমিকদের হাহাকার, চোখের পানি আর সন্তানদের অনাহার সরকার দেখতে পাচ্ছে না। খুলনার হাজারো শ্রমিক আজ বেকার, নিঃস্ব, পথে বসা মানুষ। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালু না হলে আমরা রাজপথ কাঁপিয়ে তুলবো—প্রয়োজনে জীবন দিব, তবুও পাটশিল্পকে বাঁচাব।”
তিনি আরও বলেন, “সরকারের এই দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। শিল্প ধ্বংস করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার যে গভীর ষড়যন্ত্র চলছে, তার দাঁতভাঙা জবাব আসবে শ্রমিকের শক্তি থেকে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন খালিশপুর থানা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম জিয়া। তিনি বলেন,“আমরা বারবার দাবি জানিয়ে আসছি—পাটকল চালু করো, শ্রমিকের রুটি-রুজি ফেরাও। কিন্তু সরকার তা না শুনে বিদেশি স্বার্থ রক্ষায় ব্যস্ত। আমরা হুঁশিয়ার করছি, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি আসছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নূর ইসলাম, মাহবুব, মনিরুজ্জামান মনিরসহ বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে “পাটশিল্প বাঁচাও”, “লুটপাট বন্ধ কর”, “রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু কর” ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।