
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শাহাবাজপুর ও বিনোদপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের চেষ্টা চালালেও বিজিবির কঠোর নজরদারির কারণে চোরাকারবারিরা সাম্প্রতিক সময়ে দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা ব্যবহার শুরু করে। তবে রুট পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় বিলভাতিয়া সীমান্ত এলাকা থেকে মো. নুরুল হক (৪০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো প্লাস’ সিরাপ উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারিরা যতই নতুন কৌশল বা পথ অবলম্বন করুক না কেন, সীমান্তে সব ধরনের মাদক চোরাচালান ও চোরাকারবারি প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
NGS/MMH