
স্টাফ রিপোর্টার: হাফিজা খানম
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রূপসা, দিঘলিয়া ও সেনহাটি এলাকায় দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে অসাম্প্রদায়িক চেতনা, জনগণের ঐক্য ও বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সকাল ১১টা ৩০ মিনিটে তিনি রূপসা উপজেলার রাজাপুরে মহিলা দলের নেত্রী ও স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর কনফিডেন্স কল্যাণ সংস্থার খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন এবং আইচগাতী মসজিদে জুমার নামাজ আদায় করেন।
বিকেল ৪টায় লস্করপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে লস্করপুর প্রগতি সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। পরে দিঘলিয়া উপজেলা সনাতনী ধর্মীয় অনুসারীদের উদ্যোগে আয়োজন করা প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন রাম প্রসাদ বাবু।
বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং বিএনপি সব ধর্মের মানুষকে সমান মর্যাদায় দেখে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভাজন সৃষ্টির জন্য মিথ্যা অপপ্রচার চালায় যে সনাতনী সম্প্রদায় বিএনপিকে ভোট দেয় না। হেলাল বলেন, যদি তারা ভোট না দিতেন, বিএনপি কখনই চারবার সরকার গঠন করতে পারত না।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশের মানুষ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং ঘাটভোগ–গাজীরহাটসহ সর্বত্র মানুষের দোয়ার শক্তিতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার উল্লেখ করে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ৫০ লাখ ফ্যামিলি কার্ড, ৫০ লাখ কৃষক কার্ড দেওয়া হবে এবং ১ কোটি বেকারের কর্মসংস্থান প্রথম বছরেই বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, গাজীরহাটে কোনো অপশক্তি আইন-শৃঙ্খলা অবনতির সুযোগ পাবে না, কারণ বাংলাদেশের মানুষ ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাসী।
সন্ধ্যায় সেনহাটি ইউনিয়নে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন আজিজুল বারী হেলাল। তিনি বলেন, সব ধর্মের মানুষের পাশে বিএনপি অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমন থাকবে।
উপস্থিত ছিলেন বিএনপির মোল্লা সাইফুর রহমান মিন্টু, জেলা বিএনপির শেখ আব্দুর রশিদ, আজগর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, রকিব মল্লিক, সেতারা সুলতানা, রেজাউল ইসলাম, মাসুদ হোসেন, মো. রয়েল, ভুবন গোসাই, সুবোধ বিশ্বাস, মোজাম্মেল শরিফ, মুকিত মীর, বাদশা গাজী, চন্দন, বুলবুল মোল্লা, মোশারেফ শিকদার, কুদরত এলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, টুটুল, আনোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
NGS/MMH