1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প এখন অপরাধের অভয়ারণ্য

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কক্সবাজার থেকে: কামরুন তানিয়া

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প এখন দেশের অন্যতম অপরাধকেন্দ্রে পরিণত হয়েছে। মাদক পাচার, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও হত্যাসহ নানা অপরাধে প্রতিদিন নতুন নতুন অভিযোগ উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও অন্তত ১০টি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এখনও সক্রিয় রয়েছে।

২০১৭ সালের পর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই বেড়েছে। বর্তমানে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে ২১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, যা স্থানীয় জনসংখ্যার চারগুণ। এই জনঘনত্ব স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও জলবায়ুর ওপরও বিরূপ প্রভাব ফেলছে। জেলা পুলিশের হিসাবে, চলতি বছরের প্রথম আট মাসে ক্যাম্পগুলোতে হত্যা, মাদক, অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ২৫০টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১৮টি, মাদক মামলা ১৫০টি, অপহরণ মামলা ৫০টি এবং ধর্ষণ মামলা ১২টি। ২০১৭ সাল থেকে গত আট বছরে ৩০০ জনের বেশি রোহিঙ্গা খুন হয়েছেন; দায়ের হয়েছে ২৮৭টি হত্যা মামলা।

জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দফতর (ইউএনওডিসি) জানিয়েছে, বাংলাদেশে প্রবেশ করা মাদকের মাত্র ১০ শতাংশ ধরা পড়ে। অপরদিকে আঙ্কটাডের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকার মাদক পাচার হয়। সীমান্তবর্তী ক্যাম্পগুলোকে ব্যবহার করে মিয়ানমারের আরাকান আর্মি ও অন্যান্য গোষ্ঠী ইয়াবা ব্যবসা চালাচ্ছে।

টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা কালা মিয়া জানান, গত মে মাসে তাকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। শেষ পর্যন্ত ৩০ হাজার টাকা দেওয়ার পর তিনি মুক্তি পান। একইভাবে সাবের আলম নামের অপর এক বাসিন্দাকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়। ক্যাম্পবাসীদের অভিযোগ, মুক্তিপণ আদায়ের জন্য বিশেষ করে টেকনাফের আবদুল হাকিম বাহিনী বেশি সক্রিয়। মুক্তিপণ না দিলে হত্যার পর লাশ গুম করার ঘটনাও ঘটছে।

রোহিঙ্গা নেতাদের তথ্যমতে, গত এক বছরে ক্যাম্পগুলোতে শতাধিক নতুন মাদক আখড়া গড়ে উঠেছে। বর্তমানে চার শতাধিক স্থানে ইয়াবা ও অন্যান্য মাদক বিক্রি ও সেবন চলছে। এতে যুবসমাজ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “১৩টি ক্যাম্পে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ফলে এত বিপুল জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে উঠছে।”

স্থানীয়দের মতে, রোহিঙ্গা সমস্যা এখন উখিয়া-টেকনাফের মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে মনে করেন এলাকাবাসী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park